ওয়ারেন্টভুক্ত আসামি ইউপি নির্বাচনে প্রার্থী

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রার্থী হয়েছেন মাদক বিক্রেতা ও ওয়ারেন্টভুক্ত আসামি সোহেল (৩৩)। তিনি উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের বাসিন্দা। ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদের প্রতিদ্বন্দ্বীতা করছেন তিনি। 

২৫ নভেম্বর সোহেল লুকিয়ে মনোনয়ন দাখিল করলেও আজ শনিবার (২৭ নভেম্বর) বিষয়টি এলাকায় জানাজানি হয়। ফলে এলাকারবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ইতোমধ্যে সোহেল মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের নিয়ে কেন্দ্র দখল করে নির্বাচনে জয় লাভের ছক কষছেন বলে জানা গেছে। এছাড়া অন্য প্রার্থীদের ভয়ভীতি দেখানো ও তাদের মাঠ ছেড়ে দিতে হুমকি দিচ্ছেন সোহেল। সোহেলের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। তার মধ্যে একটি ওয়ারেন্টভুক্ত। 

জানা গেছে, আড়াইহাজার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বালিয়াপাড়া গ্রামের সোহেলের পরিবারের সবাই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পরিবারটি উপজেলায় প্রথম মাদক ব্যবসার প্রসার করে। পরিবারের কোনো সদস্য গ্রেফতার হলে অন্য সদস্যরা এই ব্যবসার হাল ধরেন। সোহেল জেলে ঢুকলে তার বাবা মকবুল মিয়া (৫২) ব্যবসার হাল ধরেন। তার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে বলে জানা গেছে। 

তাদের একজন সহযোগী সোহেলের মা (৪০)। তার বিরুদ্ধে আছে ৯টি মামলা। সোনাবিবি গাঁজা, হেরোইন ও ফেনসিডিলসহ সবধরনের মাদক মজুদ করে লুকিয়ে বিক্রি করেন বলে অভিওেযাগ পাওয়া গেছে।

আড়াইহাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন বলেন, সোহেল নামে একজন প্রার্থী হয়েছেন। তিনি মাদক বিক্রেতা হলে আইন শৃংখলা বাহিনী ব্যবস্থা নেবে। 

আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান, সোহেল নির্বাচনে দাঁড়িয়েছে কিনা তা তার জানা নেই। তবে তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

জেলা নির্বাচনী কর্মকর্তা মতিয়ুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।