ডিএনসিসির নিয়োগ ছাড়াই গাড়ি চালাতেন হানিফ: র‌্যাব

রাজধানীর পান্থপথে আহসান কবির খানকে (৪৫) চাপা দেওয়া ময়লার গাড়িটির চালক হানিফ উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোনো নিয়োগপ্রাপ্ত চালক ছিলেন না। পেতেন না কোনো বেতনও। তবুও তিনি দেড় বছর ধরে ডিএনসিসির ময়লার গাড়ি চালাতেন। ডিএনসিসি ময়লা গাড়ি থেকে তেলের টাকা চুরি করাই ছিল তার আয়ের উৎস।

আজ শনিবার (২৭ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, শুক্রবার রাতে চাঁদপুর থেকে ঘাতক হানিফকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছে। ২৫ নভেম্বর দুপুর আড়াইটার দিকে ডিএনসিসির একটি ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারান আহসান কবীর খান নামে একজন সাবেক সংবাদকর্মী। এই ঘটনার পর সেখান থেকে পালিয়ে যান চাঁদপুরে। সেখান থেকেই তাকে গ্রেফতার করা হয়।

কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সিটি করপোরেশনের তালিকাভুক্ত কর্মচারী বা চালক না হলেও হানিফকে ময়লার ভারী ডাম্প ট্রাকটি চালানোর সুযোগ করে দিয়েছে কতিপয় ব্যক্তি। কিন্তু তাকে কোনো নির্দিষ্ট বেতন দেওয়া না হলেও, গাড়ির জন্য বরাদ্দ তেলের টাকা চুরি করেই তার প্রতিদিনে ইনকামের টাকা উঠে যেতো। তিনি প্রতিদিন ১৭ থেকে ২০ লিটার তেলের সমপরিমান টাকা পেতেন।