ঢাকা ক্লাব স্নোকার রুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে “ঢাকা ক্লাব প্রেসিডেন্ট’ কাপ স্নোকার টুর্নামেন্ট-২০২১”। দেশের বিভিন্ন ক্লাবের সঙ্গে সম্প্রীতি, সৌহার্দ ও বন্ধুত্বের বন্ধনকে সুদৃঢ় করতে এই আয়োজন করেছে ঢাকা ক্লাব। টুর্নামেন্টটি ২৬ নভেম্বর থেকে ০১ ডিসেম্বর পর্যন্ত নক আউট পদ্ধতিতে ঢাকা ক্লাবের স্নোকার রুমে অনুষ্ঠিত হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা ক্লাব জানায়, টুর্নামেন্টটি উপলক্ষে ইতোমধ্যে বাংলাদেশ ১৩ টি ক্লাবকে উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে পত্র প্রেরণ করা হয়। ঢাকা ক্লাবের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দেশের ১০টি ক্লাব উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য সাড়া দিয়েছেন। অংশগ্রহণকারী দলসমূহের মধ্যে স্নোকার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার-আপ দল/ক্লাবকে পুরস্কার হিসাবে একটি ট্রফি ও নগদ অর্থ প্রদান করা হবে। টুর্নামেন্টটির সার্বিক পরিচালনার দায়িত্বে রয়েছে ঢাকা ক্লাব কর্তৃপক্ষ।
উল্লেখ্য, শুক্রবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা ক্লাবের সম্মানিত সভাপতি জনাব খন্দকার মশিউজ্জামান (রোমেল)। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্লাব পরিচালনা পর্ষদের সম্মানিত পরিচালকবৃন্দ, স্নোকার সাব- কমিটির সদস্যবৃন্দ, খেলোয়াড় বৃন্দ, এবং ক্লাবের অন্যান্য সম্মানিত সদস্যগণ।