নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নবজাতক রেখে পালিয়ে গেছেন তার বাবা-মা পরিচয় দেওয়া নারী-পুরুষ। রবিবার সকালে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আশরাফুল আমীন জানান, রবিবার সকালে চিকিৎসা করানোর কথা বলে নবজাতক মেয়ে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসেন এক নারী ও এক পুরুষ। তাদের নাম পরিচয় জানার আগেই শিশুটিকে হাসপাতালের লেবার রুমে রেখে তারা কৌশলে পালিয়ে যায়। অনেক চেষ্টা করেও তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এ দিকে শিশুটিকে দত্তক নিতে অনেকে আগ্রহ প্রকাশ করেছেন। কিন্তু শিশুটির মা-বাবার পরিচয় জানার জন্য চেষ্টা চলছে।
হাসপাতালের ওয়ার্ড ইনচার্জ ফরিদা ইয়াসমিন জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত নবজাতকটি আমাদের রুমে রেখেছি। পরে শিশুটি একজন আয়ার নিকট রাখতে দেওয়া হয়েছে।
আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান জানান, যারা শিশুটি হাসপাতালে নিয়ে এসেছিল তারা আসলেই নবজাতকটির বাবা-মা কিনা তা জানার জন্য চেষ্টা চলছে।