গভীর রাতে নারীর ঘরে আওয়ামী লীগ নেতা

গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাককে গ্রেফতার পুলিশ।  গত শনিবার রাত ১০টার দিকে গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের পূর্ব বেড়াডাঙ্গা আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রবিবার আব্দুর রাজ্জাককে দলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

আব্দুর রাজ্জাক ওই গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে ও গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ, এলাকাবাসী ও ওই নারী জানান, মোবাইল ফোনে ওই নারীর সঙ্গে আব্দুর রাজ্জাক প্রায়ই কথা বলতেন। সম্প্রতি আব্দুর রাজ্জাক ওই নারীকে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। এ কারণে ওই নারীর সঙ্গে তিনি দেখা করতে চান। শনিবার ওই নারীর স্বামী বাড়িতে না থাকার সুযোগে আ. রাজ্জাক রাত ১০টার দিকে ওই নারীর ঘরে প্রবেশ করেন। বিষয়টি স্থানীয় এক ব্যক্তি দেখে অন্যদের জানান। পরে এলাকার লোকজন এসে ওই নারীর শয়ন ঘরের দরজা খুলে খাটের নিচ থেকে আ. রাজ্জাককে হাত-পা বেঁধে ফেলেন। এরপর এলাকাবাসী  ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি জানালে গাইবান্ধা সদর থানা পুলিশ এসে আ. রাজ্জাককে আটক করে থানায় নিয়ে যায়।

গাইবান্ধা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, আ. রাজ্জাকের বিরুদ্ধে ওই নারী বাদি হয়ে থানায় একটি ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেছেন। ওই মামলায় তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

এ ব্যাপারে গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা জানান, ওই ঘটনা জানার পর আব্দুর রাজ্জাককে দলের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।