সাত নম্বর ব্যালন ডি অর কি পেতে যাচ্ছেন লিওনেল মেসি! গুঞ্জন বলছে তার হাতেই যাবে স্বর্ণ রংয়ের গোলাকার ট্রফিটি। পাবেন কি না সেটা পরিষ্কার হবে কাল রাতেই। তার আগের দিনটা দুর্দান্ত হ্যাটট্রিকে স্মরণীয় করে রাখলেন মেসি। হ্যাটট্রিকটা অবশ্য গোল নয় অ্যাসিস্টের। এমন দিনে পিএসজি শুরুতে বিবর্ণ থাকলেও ম্যাচ শেষে জয় নিয়ে মাঠ ছাড়ে। সাত এতিয়েনকে ৩-১ গোলে হারায় লিগ ওয়ান টপাররা।
পিএসজির হয়ে এদিন অভিষেক হয় স্প্যানিশ ডিফেন্ডার সের্হিও রামোসের। কিন্তু খেলার ২৩ মিনিটের ভেতরই গোল হজম করেন তিনি। তবে বিরতির ঠিক আগ মুহূর্তে সেই গোল শোধ দেয় পিএসজি। মেসির ফ্রি-কিকে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান মার্কিনিওস। বিরতির পর ৭৯ মিনিটে সফরকারীদের এগিয়ে দেন আনহেল ডি মারিয়া। মেসির পাস থেকে গোলরক্ষককে একা পেয়ে বেশ সহজেই গোল করেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার। অতিরিক্ত সময়ে মার্কিনিওসকে দিয়ে এতিয়েনের কফিনে শেষ পেরেকটি ঠুকান মেসি।
তবে ম্যাচ শেষেও পিএসজির দুশ্চিন্তা নেইমারকে নিয়ে। গোড়ালির ইনজুরিতে পড়ে চোখের জলে মাঠ ছাড়েন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কতদিন বাইরে থাকবেন তা জানা যাবে শিগগিরই।