কক্সবাজারের চকরিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকা প্রার্থীর বিজয় মিছিলে হামলায় এক যুবক নিহত হয়েছেন। রবিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম গিয়াস উদ্দিন মিন্টু (২৮)। সে ওই ইউনিয়নের উত্তর নতুন ঘোনা পাড়ার মৃত আবু মুসার ছেলে এবং নির্বাচনে বিজয়ী প্রার্থী নুরে হোছাইন আরিফের সমর্থক।
স্থানীয় সূত্র জানায়, রবিবার অনুষ্ঠিত তৃতীয় ধাপের নির্বাচনে বদরখালী ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী নুরে হোছাইন আরিফ বিজয়ী হওয়ার খবর পেলে তার সমর্থকরা রাতেই একটি বিজয় মিছিল বের করেন। এ সময় কে বা কারা ওই মিছিলে হামলা চালান। হামলায় অন্যদের সঙ্গে নুর হোছাইনের সমর্থক গিয়াস উদ্দিন মিন্টু গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ওসি মো. ওসমান গনি বলেন, ‘গিয়াস উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নির্বাচনি সহিংসতা নাকি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।’