আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। শুরু হয়েছে তোড়জোড়। কিন্তু ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের বিয়ের আনন্দে বাধ সাধছে করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ধরণ ওমিক্রন। শোনা যাচ্ছে, করোনাভাইরাসের এই নতুন স্ট্রেনের আতঙ্কে অতিথি তালিকায় বেশ কিছু নাম ছাঁটাই করতে হয়েছে তাদের। বেশি সংখ্যক মানুষের জমায়েত এড়াতেই এই পদক্ষেপ তারকা-জুটির।
করোনা ভাইরাসের এই নতুন অবতারকে এখনও পুরোপুরি বুঝে ওঠা সম্ভব হয়নি। তবে ওমিক্রনকে হু ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ বলে চিহ্নিত করেছে ইতিমধ্যেই।
ভিকি ও ক্যাটরিনার সহকারীরা এ বিষয়টি নিয়ে চিন্তিত। তাদের পরামর্শেই অতিথি তালিকা ছোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তারকা-জুটির ঘনিষ্ঠ একজন সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ভিকি-ক্যাটরিনা কোনও ঝুঁকি নিতে চাইছেন না। অতিথি তালিকায় তাদের সহ-অভিনেতা, পরিচালক, প্রযোজক সকলকেই আমন্ত্রণ জানাবেন বলে ঠিক করেছিলেন। কিন্তু এ বার নতুন করে ভাবা হচ্ছে।’
৯ ডিসেম্বর ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হবে জয়পুরে। শোনা যাচ্ছে, সেখানে উপস্থিত থাকবেন বরুণ ধবন, কবীর খান, সিদ্ধার্থ মলহোত্র, কিয়ারা আডবাণীরা। দুই তারকার সঙ্গীতানুষ্ঠানে নাচ শেখানোর দায়িত্ব পড়েছে কর্ণ জোহর এবং ফারহা খানের উপর। কিন্তু এ সবের আগে আইনি বিয়ে সারবেন ভিকি-ক্যাটরিনা।
ইত্তেফাক/বিএএফ