করোনা পরবর্তী অন্তভুর্ক্তিমূলক উন্নয়নে প্রয়োজন নারীর কর্মসংস্থান তৈরি

করোনা পরবর্তী সময়ে অন্তভুর্ক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে নারীর কর্মসংস্থান ধরে রাখার পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরিতে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন পারটিসিপেটরি ডেভেলপমেন্ট অ্যাকশন প্রোগ্রাম (পিডাপ)-এর ‘জাতীয় কর্মশালা ২০২১: নেতৃত্বে তৃণমূল নারী ও আর্থিক উন্নয়ন’ শীর্ষক জাতীয় কর্মশালার বক্তারা। সোমবার (২৯ নভেম্বর) ওয়াইডব্লিউসিএ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিডাপ সভাপতি মাহজাবীন মাসুদ।

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন, সিইউপি-এর নির্বাহী পরিচালক রেবেকা সান-ইয়াত। বিশেষ সম্মানিত অতিথি ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের সহ-পরিচালক (ভিজিডি) সেহেলি আহমেদ এবং দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬, ৭, ৮ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর শিখা চক্রবতী, শ্রম অধিদপ্তর প্রতিনিধি খালেদা জাহান। অনুষ্ঠানে কোভিড-১৯ পরবর্তী জরিপের ফলাফলের ওপর প্রতিবেদন পাঠ করেন পিডাপ-এর নির্বাহী পরিচালক কাজী বেবী।

কর্মশালায় তৃণমূল পর্যায় থেকে আগত নারী নেতৃবৃন্দ করোনা পরবর্তীকালে তাদের অবস্থানের ওপর বক্তব্য রাখেন এবং বিভিন্ন সংস্থা থেকে আগতরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। এই আলোচনাসভায় বক্তারা বলেন, বর্তমানে পুরুষের পাশাপাশি নারী নেতৃত্বের যেমন ভূমিকা রয়েছে, তেমনি নারীরা বিভিন্ন অসুবিধারও সম্মুখীন হচ্ছেন। কাজ হারিয়ে বিপাকে পড়েছেন অনেক কর্মজীবী নারী।

করোনাকালে নারীদের প্রতি অর্থনৈতিক চাপ, মানসিক চাপ ও পারিবারিক সহিংসতা বেড়েছে ব্যাপক মাত্রায়। এর প্রভাবে আমাদের সমাজে বাল্যবিবাহসহ নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় নারীর পাশাপাশি পুরুষের সহযোগিতাও সমানভাবে প্রয়োজন।