রাঙ্গামাটির সদর উপজেলার লংগদুর বন্দুকভাঙ্গা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে জনসংহতি সমিতির (জেএসএস) শীর্ষ নেতা আবিষ্কার চাকমা নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত বাঘাইছড়ির সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকার মিন্টু চাকমার ছেলে। পুলিশ জানায়, দুর্বৃত্তরা হামলা চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।
আবিষ্কার চাকমা সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস-এর শীর্ষ পর্যায়ের নেতা এবং একাধিক মামলার আসামি বলে স্থানীয় ও নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
বিগত বছরে বাঘাইছড়ি এলাকার দায়িত্বে থাকলেও সম্প্রতি আবিষ্কার চাকমা রাঙ্গামাটির লংগদু, নানিয়ারচর ও সুবলংয়ের দায়িত্বে ছিলেন।
সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গা ইউনিয়নের কিচিং আদম এলাকায় বসবাস করতেন তিনি।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিমকে পাঠানো হয়েছে। সেখান থেকে তারা ফিরে আসলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।