সু চির রায় স্থগিত

মিয়ানমারে সামরিক সরকারের হাতে বন্দি নেত্রী অং সান সু চির বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় হঠাৎ স্থগিত করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৩০ নভেম্বর) দেশটির একটি আদালত তার বিরুদ্ধে করা মামলার রায়ের দিন আগামী ৬ ডিসেম্বর ধার্য করেন।

সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) একজন জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এপি।

দোষী সাব্যস্ত হলে প্রথমটিতে সর্বোচ্চ দুই বছর ও পরেরটিতে সু চির সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বলে জানা গেছে। সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) দলের অন্যতম নেতা ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট উয়িন মিন্টও এসব অভিযোগে বিচারের মুখোমুখি হচ্ছেন, দোষী সাব্যস্ত হলে তারও একই সাজা হতে পারে।

অভ্যুত্থানের পর ৭৬ বছর বয়সী গৃহবন্দি সু চির বিরুদ্ধে কয়েকটি মামলা করে ক্ষমতাসীন সামরিক সরকার। মামলাগুলো যেসব অভিযোগে করা হয়েছে, সেসব হলো- রাষ্ট্রের গোপন তথ্য পাচার, নিয়মবহির্ভূতভাবে ওয়াকি টকি রাখা ও ব্যবহার, ক্ষমতায় থাকাকালে ঘুষ গ্রহণ, নিজের দাতব্যসংস্থার নামে অবৈধভাবে ভূমি অধিগ্রহণ ও করোনা পরিস্থিতি সামাল দেওয়ায় গাফিলতি।