বরগুনায় ধর্ষণ মামলায় মাদ্রাসা শিক্ষকের যাবজ্জীবন

বরগুনায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে সাইফুল ইসলাম নামের মাদ্রাসা শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বরগুনার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। 

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে এ রায় দেন বিচারক মো. হাফিজুর রহমান। রায়ে সাজাপ্রাপ্তকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়।

এছাড়া এ মামলার অপর আসামির বড় ভাইয়ের স্ত্রী (ভাবি) রাশেদা বেগমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাইফুল ইসলাম বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের সাহেবের হাওলা গ্রামের মাওলানা মো. ইব্রাহীম খলিলের পুত্র।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২০ জানুয়ারি দুপুরে গাইড দেওয়ার কথা বলে ভুক্তভোগী ওই ছাত্রীকে মাদ্রাসায় ডেকে আনেন শিক্ষক সাইফুল ইসলাম। পরে মাদ্রাসার কাছেই নিজ বাড়ির দ্বিতীয় তলায় নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করেন তিনি। এতে ছাত্রীটি অসুস্থ হয়ে পড়লে তাকে ঘরে রেখেই পালিয়ে যান ধর্ষক সাইফুল ইসলাম।