সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের চেতনা ধারণ করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক লেখক-পাঠক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘রবীন্দ্রনাথ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও উপমহাদেশে সাম্প্রদায়িকতা’ শীর্ষক এ আড্ডার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধানের সভাপতিত্বে আড্ডায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন কবি ও গবেষক আলমগীর শাহরিয়ার। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশে আজ সাম্প্রদায়িক অপতৎপরতা দৃশ্যমান। বাঙালির শ্রেষ্ঠশিল্পী রবীন্দ্রনাথ থেকে প্রত্যন্ত এলাকার সাধারণ শান্তিপ্রিয় মানুষ কেউই আজ এই সাম্প্রদায়িক অপশক্তির আক্রমণের বাইরে নয়। শাল্লা থেকে কুমিল্লা, রামু থেকে রংপুর সবখানে আজ সাম্প্রদায়িক অপশক্তি ওঁত পেতে আছে। সুযোগ পেলেই তারা ঘৃণার আগুন ছড়িয়ে দিচ্ছে।
আড্ডায় তিনি আরও বলেন, এ অঞ্চলের মানুষ ঐতিহাসিকভাবে পরমত সহিষ্ণু বলেই এখানে নানা ধর্ম ও বিশ্বাসের বিকাশ ঘটেছে। বিশ্বায়নের যুগে বৈচিত্র্যই একটি সমাজের সৌন্দর্য। সমাজের সে সৌন্দর্য বিনাশের যে কোনো অপতৎপরতা আজ প্রগতির পতাকাবাহী তরুণদেরই রুখতে হবে। তাঁর আলোচনায় জ্ঞান-পিপাসু তরুণদের পাঠ্যবইয়ের বাইরেও বিশ্বসাহিত্যের সঙ্গেও তরুণদের সংযোগ বাড়াতে বলেন। কেননা, কেবল বইয়ের মধ্যেই জগতের শ্রেষ্ঠ মানুষের চিন্তা নিহিত থাকে। তাঁদের লেখা পাঠের মধ্য দিয়ে স্থান কাল ভেদে তাদের দুর্লভ সঙ্গ লাভ সম্ভব হয়।
সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধান বলেন, সাম্প্রদায়িক বিদ্বেষপ্রসূত ভাবাদর্শ থেকে রবীন্দ্রনাথের বিরুদ্ধে অপপ্রচারের ইতিহাস অনেক পুরনো। বিশেষ করে রবীন্দ্রনাথ ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঘিরে একটি বিতর্ক প্রায়ই চোখে পড়ে। লেখক ও গবেষক আলমগীর শাহরিয়ার তাঁর গবেষণাগ্রন্থের মধ্য দিয়ে এর সমুচিত ও সাহসী জবাব দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তির মাহেন্দ্রক্ষণে এমন একটি একাডেমিক ঘরানার কাজ প্রশংসার দাবি রাখে। শুধু বেরোবির নয়, সারাদেশের শিক্ষার্থীদের মধ্যে আজ অসাম্প্রদায়িক চেতনার বিকাশ জরুরি।
সভায় বক্তারা আরও বলেন, অসাম্প্রদায়িক চেতনার তরুণদেরই দায়িত্ব নিতে হবে সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণের। জ্ঞানভিত্তিক সমাজ তৈরি করতে পারলেই সাম্প্রদায়িক অপশক্তির বিনাশ সম্ভব। সম্ভব বিভিন্ন সম্প্রদায় ও জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিরুদ্ধে অপপ্রচার ও ঘৃণা ছড়ানোর অপপ্রয়াস বন্ধ করা।
সম্প্রতি রংপুরের পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলার নিন্দা এবং আহতদের প্রতি সংহতি জানিয়ে শুরু হয় এ সভা। রাহাতুল জান্নাত ও নাঈম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যের বক্তব্য রাখেন গ্রীন ভয়েস বেরোবি শাখার সভাপতি সোহানুর রহমান সোহান, রোটার্যাক্ট ক্লাব অব রংপুর সেন্ট্রালের সেক্রেটারি ও গণযোগাযোগের শিক্ষার্থী লুনা আফরোজা নীপা, বিতার্কিক সাইদুজ্জামান বাপ্পী প্রমুখ।