‘ওমিক্রন’ আতঙ্কে হিলি স্থলবন্দরে সতর্কতা জারি

করোনা ভাইরাসের নতুন ধরন “ওমিক্রন” আতঙ্কে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের করোনা ভাইরাসের নেগেটিভ সনদ সহ নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকে স্প্রে ও চালকদের তাপমাত্রা মাপা হচ্ছে।

বুধবার (০১ ডিসেম্বর) বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের সহ-ব্যবস্থাপক অসিত স্যানাল জানান, ভারত থেকে আসা আমদানিকৃত পণ্যবাহী ট্রাকগুলোতে জীবাণুনাশক স্প্রে করার ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের মাস্ক ব্যবহারে নির্দেশনা দেওয়া হয়েছে। ট্রাক চালকরা যাতে বন্দরের বাইরে বের হতে না পারে, সেজন্য বন্দরের বিভিন্ন গেটে নজরদারী বাড়ানো হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. সেকেন্দার আলী জানান, ‘ওমিক্রন’ নিয়ে হিলি চেকপোস্টে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে যাত্রীদের যাচাই বাছাই করে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এব্যাপারে ইমিগ্রেশন গেটে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার হুমায়ুন কবির জানান, আমরা ইতোমধ্যেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছি। ভারত থেকে আসা পাসপোর্ট যাত্রীদের স্ক্যানিং করে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। এব্যাপারে বন্দর ও ইমিগ্রেশন এলাকায় একটি মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে।

তিনি আরও জানান, দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন ধরণ ‘ওমিক্রন’ প্রথম শনাক্ত হওয়ার কারণে দক্ষিণ আফ্রিকা, ইসরায়েল, বতসোয়ানা, হংকং, বেলজিয়াম, নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, জার্মানি ও ইতালি থেকে যেসব যাত্রী হিলি চেকপোস্ট ব্যবহার করে বাংলাদেশে আসবে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করা হবে। একারণে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে এই বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।