ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যানবাহন চলাচল: দুর্ঘটনার আশংকা

ফরিদপুর-মাদারীপুর মহাসড়কের মস্তফাপুর ব্রিজটির (বড় ব্রিজ) একপাশের রেলিং ভেঙ্গে গিয়ে যানবাহন চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে ভেঙ্গে যাওয়া ও কাত হওয়া পিলার (রেলিং) সংস্কার করা না হলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এদিকে প্রাথমিকভাবে কাগজ চালা-চালি শুরু হলেও মূল কাজ বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৫০ বছর পূর্বে ফরিদপুর-বরিশাল ও মাদারীপুর-ফরিদপুর মহাসড়কে মস্তফাপুর বড়ব্রিজ নামে পরিচিত এই ব্রিজটি নির্মিত হয়। ইতোপূর্বে ব্রিজটির পূর্ব ও পশ্চিম পাশের মাটি ধসে যাওয়ায় প্রয়োজনীয় সংস্কার করা হয়। অতিসম্প্রতি গুরুত্বপূর্ণ এই ব্রিজটির পশ্চিম পাশের রেলিং ভেঙ্গে গেছে। বর্তমানে বাঁশ বেধে রেলিং এর সাথে রাখা হয়েছে। এদিকে ব্রিজটির পূর্ব পাশের পিলার ভেঙ্গে কাত হয়ে গেছে। এছাড়া অন্যান্য রেলিংও অত্যন্ত জরাজীর্ণ (ঝুঁকিপূর্ণ) হয়ে পড়েছে। 

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম মস্তফাপুর বড়ব্রিজটি জরাজীর্ণ হয়েছে বলে নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্রিজটি নতুন করে নির্মাণ বা সংস্কারের জন্য ডিজাইনসহ বরাদ্দের জন্য বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। ডিজাইন ও অন্যান্য প্রয়োজনীয় কাজ শেষে হলে পদক্ষেপ নেওয়া হবে।