‘মন ভোলানো গান’ নিয়ে এম আই মিঠু

দুই দশকের ক্যারিয়ারে এরইমধ্যে প্রায় ২শ’ মৌলিক গান দর্শক-শ্রোতাদের উপহার দিয়েছেন সংগীতশিল্পী এম আই মিঠু। পাশাপাশি নাটক-টেলিফিল্মের গানেও নিয়মিত কাজ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার প্রকাশিত হয়েছে তার নতুন একটি গান।

‘মন ভোলানো গান’ শিরোনামের এই গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের শিল্পী শবনম প্রিয়াঙ্কা। গানটির কথা লিখেছেন হাবিব সিরাজী এবং সুর ও সংগীতায়োজন করেছেন সুজন আরিফ। প্রয়াত নন্দিত সংগীত ব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সুর করা ‘তুমি মোর জীবনের ভাবনা’ থেকে অনুপ্রাণিত হয়ে এটি তৈরি করা হয়েছে বলে জানান মিঠু।

এম আই মিঠু। ছবি: সংগৃহীত

নিজের নতুন গান প্রসঙ্গে জানতে চাইলে এম আই মিঠু বলেন, ‘আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের তুমি মোর জীবনের ভাবনা গানটিট আমার ভীষণ প্রিয়। গুণী এই গীতিকারের সেই গানটির অনুপ্রেরণাতেই সফট মেলোডি ধাঁচে এই গানটি করার চেষ্টা করেছি। পাশাপাশি গানের কথার সঙ্গে মিল রেখে সুন্দর একটি মিউজিক ভিডিও নির্মাণ করেছি। আশা করছি, দর্শক-শ্রোতাদের অনুভূতিকে নাড়া দেবে গানটি।’

নিজের ব্যস্ততা প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘দীর্ঘদিন পর কনসার্ট শুরু হয়েছে। হাতে একাধিক কনসার্ট রয়েছে। পাশাপাশি নতুন বেশ কয়েকটি একক ও দ্বৈত গানের কাজ করছি। এর ভেতরে দুটি গানের কাজ প্রায় শেষ। এছাড়া শিগিগরই আমার একটি চিত্র প্রদর্শনী আয়োজিত হবে। সেটা নিয়েও ব্যস্ততা চলছে।’ 

উল্লেখ্য, ২০১২ সালে প্রকাশিত হয় এম আই মিঠুর প্রথম একক অ্যালবাম ‘স্বপ্ন আকাশ’। ২০১৭ সালে আসে তার দ্বিতীয় একক ‘স্বপ্নের সাইকেল’।

ইত্তেফাক/এএমবি/বিএএফ