গুচ্ছ কৃষি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, সর্বোচ্চ নম্বর ১৩০.১৮

সমন্বিত ৭ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ কৃষি ভর্তি পরীক্ষা ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে। 

বুধবার (১ ডিসেম্বর) বিকেলে এ ফল প্রকাশ করা হয়। এর আগে গত ২৭ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল ও লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরসহ মোট ১৫০.০০ নম্বরের মধ্যে মেধা তালিকায় প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ১৩০.১৮ এবং সর্বনিম্ন নম্বর ১০০.৭৫।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপ-রেজিস্ট্রার (জনসংযোগ) মো. মজনু মিয়া জানান, উত্তীর্ণ প্রার্থীগণ আগামী ৬-৯ ডিসেম্বর ২০২১-এর মধ্যে বিশ্ববিদ্যালয় ও অনুষদ ভিত্তিক পছন্দক্রম নির্বাচন করতে পারবেন। মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নাম ও অনুষদ ভিত্তিক পছন্দক্রমের চূড়ান্ত তালিকা আগামী ১৯ ডিসেম্বর ২০২১-এর মধ্যে প্রকাশ করা হবে।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ফলাফল প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রশিদ ভূঁইয়া, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাস, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মতিউর রহমান হাওলাদার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুর রহমান খানসহ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, আইটি সদস্যবৃন্দ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সদস্য-সচিব মো. সিরাজুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা https://admission-agri.org
ওয়েবসাইটে লগইন করে ফলাফল জানতে পারবে।