রাজশাহীর গোদাগাড়ীতে ছেলেকে স্কুলে নেওয়ার পথে বাসচাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের দেওপাড়া ইউনিয়নের বাঁশলীতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সাজু মিয়া (৪০) ও তার ছেলে আব্দুল্লাহ আলিফ (১২)।
সাজু দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার নন্দনপুর গ্রামের আবদুল মজিদেরর ছেলে। তিনি গোদাগাড়ীর বিজয়নগরে দীপ শিখা নামে একটি এনজিওতে কর্মরত ছিলেন।
গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে সাজু মিয়া ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পার্শ্বে অপেক্ষা করছিলেন। এ সময় বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে চাঁপা দেয়। এতে বাবা-ছেলে ঘটনাস্থলে নিহত হন।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।