আর্ট রিভিউ ম্যাগাজিনের ‘পাওয়ার ১০০’ তালিকায় রাজিব-নাদিয়া

আর্ট রিভিউ ম্যাগাজিনের ২০২১ সালের ‘পাওয়ার ১০০’ তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশি দম্পতি রাজিব সামদানি ও নাদিয়া সামদানি। ম্যাগাজিনটি প্রতি বছরই শিল্প জগতের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে তালিকা প্রকাশ করে। সামদানি দম্পতি স্থান পেয়েছেন তালিকার ৪৯ নম্বরে। 

তাদের সঙ্গে তালিকায় আছেন সামদানি আর্ট ফাউন্ডেশনের আর্টিস্টিক ডিরেক্টর ডায়ানা ক্যাম্পবেল বেটানকোর্টও। নাদিয়া-রাজিব এই ফাউন্ডেশনের সহপ্রতিষ্ঠাতা। এর আগে, ঢাকা আর্ট সামিট আয়োজনের মাধ্যমে পাদদীপের আলোয় এসেছিলেন সামদানি দম্পতি। এই সামিটের পরবর্তী পর্ব আয়োজিত হবে ২০২৩ সালে।

নাদিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি ‘পাওয়ার ১০০’ তালিকায় স্থান পেয়ে সম্মানিত বোধ করছেন। তিনি বলেন, গত সাত বছর ধরে আমরা এই তালিকায় জায়গা পাচ্ছি। আস্তে আস্তে আমরা তালিকার উপরের দিকে এসেছি। ঢাকা আর্ট সামিট বাংলাদেশকে বিশ্বের শিল্প মানচিত্রে স্থান দিয়েছে।

চারুকলায় প্রতিশ্রুতিশীল অবদানের জন্য ঢাকা আর্ট সামিটের প্রতি পর্বে একজন তরুণ শিল্পীকে সামদানি আর্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়। এছাড়াও এই দম্পতি সাতক্ষীরায় একটি আর্ট সেন্টার এবং সিলেটে ১০০ একর জমির ওপর একটি ভাস্কর্য পার্ক তৈরি করছেন। তবে আগামী বছরের আগে এগুলো চালু হবে না।