ছাতকে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

সুনামগঞ্জের ছাতকের আলোচিত তেরা মিয়া হত্যা মামলায় একজনের যাবজ্জীবন ও ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। 

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহিউদ্দিন মুরাদ এই রায় ঘোষণা করেন।  রায় ঘোষণার সময় পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকি চার আসামি পলাতক আছেন।

আদালতের অতিরিক্ত পিপি গোলাম মোস্তফা জানান, ১৯৯৯ সালের ২২ নভেম্বর নির্বাচনি সংঘর্ষে তেরা মিয়া নিহত হন। ঘটনার দুইদিন পর ২৪ নভেম্বর গন্ধর্বপুর গ্রামের ২৮ জনকে আসামি করে ছাতক থানায় মামলা করেন তেরা মিয়ার ভাতিজা সিরাজুল ইসলাম। তদন্ত শেষে ২০০০ সালের ২১ এপ্রিল ৪৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এর মধ্যে ৮ জন মারা যান। শুনানি শেষে বৃহস্পতিবার ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। এছাড়া ৩১ আসামিকে খালাস দেওয়া হয়।