ছাদ থেকে মাটিতে পড়লো পানির ট্যাংক, বেরোবিতে আহত ৩

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর একাডেমিক ভবনের ছাদ থেকে পানির ট্যাংক পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার দুপুর ১টায় এ ঘটনাটি ঘটে। আহত ৩ শিক্ষার্থীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

জানা যায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী ক্লাস করার জন্য ৩ নম্বর একাডেমিক ভবনের পাশ দিয়ে যাচ্ছিলো। এ সময় ভবনটির ছাদ থেকে হঠাৎ ১৫০০ লিটার পানির একটি খালি ট্যাংক নিচে পড়ে। এতে ট্যাংকের আঘাতে ওই তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়। আহত শিক্ষার্থীরা হলেন, ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোছা. মুনিরা খাতুন, রুমি আখতার এবং একই বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সুলতান মাহমুদ।

সরেজমিনে দেখা যায়, ছাদের চারদিকে প্রায় তিন ফুট উচ্চতার রেলিং দেওয়া আছে যা অতিক্রম করে সামান্য বাতাসে পানির ট্যাংক পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম। নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘আমি ভবনের ছাদে দুইজন ব্যক্তিকে দেখেছি কিন্তু তাদের চিনি না।’

প্রত্যক্ষদর্শী একজন চানাচুর বিক্রেতা জানান, হঠাৎ শব্দ হলে আমি সেদিকে ফিরে তাকাই। দেখতে পাই, এক মেয়ে কাতরাচ্ছে, আর এক মেয়ে অজ্ঞান হয়ে গেছে।

আরো পড়ুন: বাস যাত্রীরা ডাকাত সদস্যকে পিটিয়ে লাশ নিয়ে গেল গোপালগঞ্জ

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবু কালাম মো. ফরিদ উল ইসলাম বলেন, ঘটনাটি জানার পরে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য তাৎক্ষনিক ভাবে রংপুর মেডিকেল করেজে পাঠিয়েছি। ঘটনার সঙ্গে কারো সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/অন