প্রবেশপত্র ছাড়াই পরীক্ষা বিশেষ ব্যবস্থায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন রংপুরের সাহেবগঞ্জ বিএম কলেজের ১২৫ শিক্ষার্থী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সহযোগিতায় স্থানীয় সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তারা পরীক্ষা দেন।
এর আগে বুধবার রাতে প্রবেশপত্রের দাবিতে নগরীর সাহেবগঞ্জ-হারাগাছ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিএম কলেজের শিক্ষার্থীরা। গভীর রাতে জেলা প্রশাসনের কর্মকর্তারা আন্দোলনরত শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
শিক্ষার্থীরা জানান, সাহেবগঞ্জ বিএম কলেজের ১২৫ জন শিক্ষার্থী প্রত্যেকে তিন হাজার ১০০ টাকা করে দিয়ে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ করেন। কিন্তু কলেজ কর্তৃপক্ষ বোর্ডে টাকা জমা করেনি। এদিকে কলেজের অধ্যক্ষ আইনুল হক বেশ কয়েকদিন ধরে পরীক্ষার প্রবেশপত্র দেওয়ার কথা বলে আসছিলেন। গত বুধবার দিনভর শিক্ষার্থীদের কলেজে বসিয়ে রাখেন তিনি। পরে সন্ধ্যা ৭টার দিকে তিনি শিক্ষার্থীদের জানান, কারিগরি শিক্ষা বোর্ড থেকে তাদের প্রবেশপত্র আসেনি। বোর্ডে কিছু সমস্যা হয়েছে। তাদের বৃহস্পতিবার থেকে পরীক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। এ ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে। অবস্থা বেগতিক দেখে অধ্যক্ষ পালিয়ে যান।
পরে মধ্যরাতে কারিগরি শিক্ষা বোর্ডের রংপুর আঞ্চলিক পরিচালক মো. নাহিদ হোসেন ও রংপুর অতিরিক্ত জেলা প্রশাসক এ ডাব্লিউ এম শাহ আবু রায়হান শিক্ষার্থীদের পরীক্ষার নেওয়ার আশ্বাস দেন।
কারিগরি শিক্ষা বোর্ডের রংপুর আঞ্চলিক পরিচালক মো. নাহিদ হোসেন জানান, বিশেষ ব্যবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক আসিব আহসান জানান, শিক্ষার্থীদের সঙ্গে এমন করার জন্য বিয়াম কলেজের অধ্যক্ষসহ যেসব শিক্ষক দায়ী তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে।