মানুষ আবারও জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়: জি এম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেন, আওয়ামী লীগকে দেশের মানুষ আর চায় না। বিএনপির ওপর আর আস্থা নেই। কিন্তু, জাতীয় পার্টির ওপর থেকে আস্থা হারায়নি সাধারণ মানুষ। দেশের মানুষ আবারও জাতীয় পার্টিকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে বাংলাদেশ জনদল (বিজেডি) নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ১৯৯১ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে মানুষের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। তাই আওয়ামী লীগ ও বিএনপি ওপর বিরক্ত দেশের মানুষ। নতুন প্রজন্ম ও বিশিষ্ট ব্যক্তি যারা রাজনীতির মাধ্যমে দেশ ও মানুষের সেবা করতে চায় তারা ইচ্ছে করলেই আওয়ামী লীগে যোগ দিতে পারছেন না। 
আবার বিএনপির যে অবস্থা তাতে কেউই বিএনপিতে যোগ দিতে চাইবে না। কিন্তু দীর্ঘ ৩১ বছর রাষ্ট্র ক্ষমতার বাইরে থেকেও জাতীয় পার্টি তৃণমূল পর্যায়ে সংগঠিত আছে। নতুন প্রজন্ম আর বিশিষ্টজনদের জন্য জাতীয় পার্টির দরজা খোলা আছে। দেশ ও মানুষের কল্যাণে রাজনীতি করার সর্বোত্তম প্লাটফর্মের নাম জাতীয় পার্টি। 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, রেজাউল ইসলাম ভূঁইয়া, দফতর সম্পাদক এমএ রাজ্জাক খান, যুগ্ম দফতর সম্পাদক সমরেশ মন্ডল মানিক প্রমুখ।


ইত্তেফাক/এনঅ