ভারতের প্রথম ওমিক্রন রোগী এখন দেশটিতে নেই

ভারতে শনাক্ত দুই ওমিক্রন রোগীর মধ্যে একজন বিদেশি এবং অন্যজন ভারতীয়। সেই বিদেশি এখন আর ভারতে নেই, গত ২৭ নভেম্বর রাতে তিনি এক ফ্লাইটে দুবাই গেছেন। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, গত ২০ নভেম্বর তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন। তখন তার সঙ্গে করোনা নেগেটিভ সার্টিফিকেট ছিল। পৌঁছানোর পর বেঙ্গালুরুর হোটেলে তিনি অবস্থান করেন এবং সেখানে আবার করোনা পরীক্ষা করা হয়। এ পরীক্ষায় ফল পজেটিভ আসে।

একজন সরকারি ডাক্তার তাকে হোটেলে দেখতে যান। তখন তিনি উপসর্গহীন ছিলেন এবং সেলফ আইসোলেশন করছিলেন। এই ভ্রমণকারী ঝুঁকিপূর্ণ তালিকার একটি দেশ থেকে আসায় আবার তার নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়। এটা ঘটে ২২ নভেম্বর।

তারপর ২৩ নভেম্বর ওই ব্যক্তি এক স্থানীয় ল্যাবে ব্যক্তিগতভাবে করোনা পরীক্ষা করান। এতে ফল নেগেটিভ আসে। এরপর কাউকে কিছু না জানিয়েই তিনি ২৭ নভেম্বর মধ্যরাতে হোটেল ত্যাগ করেন এবং দুবাইয়ের উদ্দেশ্যে একটি ফ্লাইটে ওঠেন।