ডেল্টার ৩ গুণ পুনঃসংক্রমণ ওমিক্রনে: গবেষণা

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন অন্যান্য যেকোনো ধরনের তুলনায় বেশি সংক্রামক। এমনকি এতে পুনঃসংক্রমণের হারও বেশি। ডেল্টার তুলনায় ওমিক্রনের পুনরায় সংক্রমণের ক্ষমতা তিন গুণ বেশি। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য বিভাগের সংগ্রহ করা তথ্যের ভিত্তিতে পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গবেষণাটি প্রকাশিত হলেও এখনো এর আন্তর্জাতিক পর্যায়ে পর্যালোচনা হয়নি। 

গবেষণায় যুক্ত থাকা দক্ষিন আফ্রিকার ডিএসআই-এনআরএফ সেন্টার অব এক্সিলেন্স ইন এপিডেমিওলজিক্যাল মডেলিং অ্যান্ড অ্যানালাইসিসের পরিচালক জুলিয়েট পুলিয়াম এক টুইটে বলেন, করোনার প্রথম তিন ঢেউয়ে যারা সংক্রমিত হয়েছিলেন, তাদের অনেকের শরীরেই আবারও ভাইরাসটির অস্তিত্ব পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে বেশির ভাগই আগে ডেলটা ধরনে আক্রান্ত হয়েছেন। তারা পুনরায় ওমিক্রনে আক্রান্ত হলেন।

তিনি বলেন, নতুন সংক্রমিত রোগীরা টিকা নিয়েছিলেন কি না, সেই তথ্য এ গবেষণায় যুক্ত করা হয়নি। ফলে এই ধরনের বিরুদ্ধে কোনো টিকা কার্যকর তা জানা যাচ্ছে না।