কাকডাকা ভোরে চায়ের চুলা জ্বালিয়ে পানি গরম করে চা তৈরি করে দিতে হয় চা-পানকারীদের হাতে। ধূমায়িত চা পান করে তৃপ্তির ঢেঁকুর তোলেন অনেকেই। সকাল থেকে রাতঅবধি চা বিক্রি করে সংসার চালাচ্ছেন চাটমোহরের মাজেদা বেগম।
চায়ের পাশাপাশি তিনি বিস্কুট, চানাচুর, সিগারেট, পানও বিক্রি করেন। এই মাজেদা বেগমই এবার চা-বিক্রেতা থেকে হলেন জনপ্রতিনিধি। সদ্যসমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে (১, ২, ৩ নম্বর সাধারণ ওয়ার্ড) মহিলা ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
মাজেদা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের মাঝগ্রামের বাসিন্দা এবং চাটমোহর রেল স্টেশনের পাশে একটি দোকানের চা-বিক্রেতা।
নির্বাচিত হয়ে ইউপি সদস্য মাজেদা খাতুন বলেন, আমি একজন গরিব মানুষ। আমাকে মানুষ ভালোবেসে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। মানুষের এই ভালোবাসার প্রতিদান আমি দিতে চাই। বিশেষ করে গ্রামের অবহেলিত নারীদের পাশে থেকে আমার সাধ্যানুযায়ী তাদের সাহায্য-সহযোগিতা করতে চাই। তবে তিনি চা বিক্রির ব্যবসা বন্ধ করবেন না বলে জানান।
চাটমোহরস্থ ভূমিহীন উন্নয়ন সংস্থার নির্বাহী নুরে আলম সিদ্দিকী মঞ্জু বলেন, মাজেদার মতো সংগ্রামী নারীরা এভাবে এগিয়ে এলে সাধারণ নারীরা সাহসী হবে।