ভারতীয় মিডিয়ায় বর্তমানে আলোচিত বিষয় ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে। বিয়েতে কে কে থাকবেন কিংবা কাকে কাকে দাওয়াত দেওয়া হবে না এ নিয়ে চলছে নানা আলোচনা। তবে ভারতীয় গণমাধ্যম বলছেন, ভিকি-ক্যাটরিনার বিয়েতে প্রবেশ করতে বিভিন্ন নিয়ম মানতে হবে অতিথিদের।
ভারতীয় সিনেমার আলোচিত নায়িকার বিয়েতে ফোন ব্যবহার করা নিষিদ্ধ। থাকবেন না কোনও সাংবাদিক। রাজস্থানের বিলাসবহুল প্রাসাদের বাইরে মোতায়েন করা হবে পুলিশ সদস্যদের। তাছাড়া থাকবেন নিরাপত্তারক্ষীর দল। এখন নতুন করে জানা গেল, গোপন কোড জানলে তবেই তারকা যুগলের বিয়েতে প্রবেশ করতে পারবেন আমন্ত্রিতরা।
গোপন কোড উচ্চারণ না করলে তাঁকে আর ‘ভিক্যাট’ (ভিকি এবং ক্যাটরিনাকে একসঙ্গে যে নামে ডাকা হয়) এর বিয়েতে ঢুকতে দেওয়া হবে না। নিয়মাবলির তালিকা এখানেই শেষ নয়। ছবি না তোলার জন্য অতিথিদের একটি চুক্তিতে সই করানো হবে। আমন্ত্রিতদের পরিচয়ও গোপন রাখা হবে বলে শোনা যাচ্ছে। তাছাড়া কোনও ড্রোন ক্যামেরাও ব্যবহার করা হবে না ছবি এবং ভিডিও তোলার জন্য।
যদিও বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে ভিকি-ক্যাটরিনার বিয়ের তথ্য ছড়িয়ে পড়ছে চার দিকে। সম্প্রতি টুইটারে একটি চিঠির প্রতিলিপির ছবি ঘুরে বেড়াচ্ছে। অনুরাগীদের দাবি, সেটি সওয়াই মাধোপুর জেলা-শাসকের চিঠি। যে চিঠির ছবি প্রকাশ পেয়েছে, তাতে হিন্দি ভাষায় লেখা রয়েছে, ‘অভিনেতা ভিকি কৌশল এবং অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিবাহ অনুষ্ঠানের আয়োজনের জন্য শুক্রবার সকালবেলা একটি বৈঠকের বন্দোবস্ত করা হয়েছে।’
বিভিন্ন গণমাধ্যমের দাবি, শুক্রবার আইনি বিয়ে সেরে ফেলতে পারেন ভিকি এবং ক্যাটরিনা। কিন্তু সাংবাদিকদের কাছ থেকে সে খবর লুকিয়ে রাখার চেষ্টা করছেন তারকা যুগল।