‘শহরটা পরিচ্ছন্ন হতে হলে নাগরিকদের সচেতন হতে হবে’

শহরকে পরিচ্ছন্ন রাখার স্বার্থে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, এই শহরে প্রতি বর্গকিলোমিটার এলাকায় লাখো মানুষ বাস করে অথচ বিশ্বের অন্যান্য ভালো শহরে সেখানে বাস করে ৩ থেকে ৪ হাজার জন। তাই আমাদের এই শহরটা পুরোপুরি পরিচ্ছন্ন হতে হলে সবার আগে নাগরিকদের সচেতন হতে হবে। আপনাদের একটু সচেতনতাই পারে শহরটাকে সুন্দরভাবে গড়ে তুলতে।

আজ মঙ্গলবার রাজধানীর লালবাগ কেল্লার সামনে থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে মেয়র এ সব কথা বলেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের যৌথ উদ্যোগে এবং নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের (নাসফ) সহযোগিতায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের আয়োজন করা হয়।

মেয়র বলেন, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত পরিচ্ছন্নতার কাজ করেন। আর নাগরিকরা বা দোকনাদাররা সকালে এসেই ব্যবসা প্রতিষ্ঠান ঝাড়ু দিয়ে সেই ময়লা রাস্তাতেই ফেলেন। তাই এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

আরও পড়ুন: যৌতুক না দেওয়ায় কোরবানির ছুরি দিয়ে স্ত্রীকে খুন

পরিচ্ছন্ন অভিযানে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে সাঈদ খোকন বলেন, আগেকার মানুষ বাজারে বাসা থেকে যেত চটের ব্যাগ নিয়ে, আর মাছ কেনার জন্য খলই জাতীয় একটা পাত্র ব্যবহার করতো। এর ফলে এ শহরটা অতটা অপরিচ্ছন্ন হতো না। কিন্তু এখন খালি হাতে বাজারে গিয়ে বিভিন্ন ব্যাগ ভর্তি করে বাজার করে আনি এবং সে ব্যাগগুলো বাইরে ফেলে দিই। এর ফলে শহর আরও অপরিচ্ছন্ন হয়। তাই শিক্ষার্থীদের এ বিষয়ে সচেতন হতে হবে। 

তিনি আরও বলেন, বাসায় গিয়ে বাবা-চাচা, দাদা বা আত্মীয় স্বজনদের বলবে উনারা যেন চটের ব্যাগ নিয়ে বাজারে যান। এভাবেই সবাই সবার জায়গা থেকে একটু সচেতন হলেই আমরা এবং আমাদের আগামী প্রজন্ম একটি সুস্থ, পরিচ্ছন্ন শহর পাবে।

ডিএসসিসির ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও লালবাগ আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, এফবিসিসিআই’র পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শমী কায়সার, সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর জাহিদ হোসেন, ডিএসসিসির ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোকাদ্দেস হোসেন জাহিদ, ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক এ সময় উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমআই