করোনার নতুন ধরন ওমিক্রনে বিশ্ব জুড়ে প্রায় দুই ডজন রোগী শনাক্ত হয়েছে। ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করছে বিভিন্ন দেশ। এর মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) শুক্রবার (৩ ডিসেম্বর) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে সতর্ক করে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।
পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালক তাকেশি কাসাই ম্যানিলা থেকে একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি বলেন, করোনার নতুন ধরন মোকাবিলায় প্রত্যেকটি দেশ ও সম্প্রদায়কে অবশ্যই প্রস্তুতি নিতে হবে।
তিনি আরো বলেন, ‘ওমিক্রন মোকাবিলায় শুধু সীমান্ত সম্পর্কিত পদক্ষেপের ওপর নির্ভর করা উচিত হবে না। দ্রুত সংক্রমণশীল এ ধরন ঠেকাতে প্রস্তুতির বিকল্প নেই। ওমিক্রন সম্পর্কে পাওয়া তথ্যানুযায়ী, আমরা আমাদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে পারছি না।’ প্রস্তুতি হিসেবে স্বাস্থ্যসংশ্লিষ্ট সক্ষমতা বাড়ানো ও টিকা কর্মসূচির ওপর জোর দেওয়ার কথা বলেন তিনি।
দক্ষিণ আফ্রিকায় গত ৯ নভেম্বর প্রথম ওমিক্রন শনাক্ত হয়। তারপর থেকে বিভিন্ন দেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে শুরু করে করোনার নতুন এই ধরন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহামারি বিশেষজ্ঞ মারিয়া ভ্যান কেরখোভ বলেন, ওমিক্রন কতটা সংক্রামক তা কয়েক দিনের মধ্যে হয়তো জানা সম্ভব হবে।