ভোলা জজ আদালতে হেল্প ডেস্ক’র উদ্বোধন

ভোলা জেলা জজ আদালতে সেবা প্রার্থীদের সুবিধার্থে হেল্প ডেস্ক’র উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে বিচার বিভাগের উদ্যোগে আদালত ভবনের নিচ তলায় সেবা কুঞ্জ নামে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ মো: মহসিনুল হক। 

এসময় জেলা ও দায়রা জজ জানান, বিচারপ্রার্থী জনসাধারণের হয়রানী লাঘবের লক্ষ্যে এটি চালু করা হলো। এতে করে সেবা নিতে আসা জনগণ নির্ঘিঘ্নে তাদের বিচার কার্যক্রম সম্পর্কে সব কিছু বুঝতে ও জানতে পারবে এবং স্বচ্ছ ধারণা লাভ করবে। সেবা প্রার্থীরা মামলার আদেশ, তারিখ বা অন্যান্য বিষয় সম্পর্কে সহজেই এখান থেকে জানতে পারবে।  

অনুষ্ঠানে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফ মো: সানাউল হক, অতিরিক্ত জেলা জজ মো: ওসমান গনি, নারী ও শিশু ট্রাইবুনাল’র বিচারক নুরুল আলম মো: নিপু, সিনিয়র সহকারী জজ নাসিম মাহমুদ, যুগ্ন জেলা জজ মো: জাকারিয়া, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলী হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্বাস উদ্দিন, ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ফরিদুর রহমান, সাধারণ সম্পাদক মো: নুরুল আমিন নুরনবী প্রমূখ উপস্থিত ছিলেন।

পরে জজ আদালতের সম্মেলন কক্ষে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন -২০২১ অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মো: মহসিনুল হক সম্মেলনে সভাপতিত্ব করেন।