গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৩২ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৮৩ জন।
শুক্রবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ২৯৪ জন। তাদের মধ্যে ঢাকার ৪৬টি হাসপাতালে ভর্তি আছেন ২১৬ জন, আর ঢাকার বাইরে অন্যান্য বিভাগের হাসপাতালে ভর্তি আছেন ৭৮ জন।
চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন ২৭ হাজার ৪৮৩ জন। তাদের মধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ৯১ জন।
চলতি বছর ডেঙ্গুতে মারা যাওয়া ৯৮ জনের মধ্যে নভেম্বর মাসে ৬ জন মারা গেছেন, অক্টোবরে ২২ জন, সেপ্টেম্বরে ২৩ জন, আগস্টে ৩৪ জন ও জুলাই মাসে ১২ জন মারা গেছেন।