প্রায় হারতে বসেছিল পিএসজি। সবাই ধরেই নিয়েছিল পরাজয়ের লজ্জাবরণ করতে যাচ্ছে তারা। তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে গিয়ে ফরাসি জয়ান্টদের মান বাঁচালেন জর্জিনিও উইজনালডাম। তার একমাত্র গোলেই শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে পেরেছে প্যারিস।
শনিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে লেন্সের বিপক্ষে খেলতে নামে পিএসজি। লিগ ওয়ানের এই ম্যাচে প্রথমার্ধ গোলশূন্য থাকে উভয় দল। দ্বিতীয়ার্ধের ৬২ মিনিটে ফোফানার গোলে এগিয়ে যায় লেন্স। এরপর থেকেই গোল পেতে মরিয়া হয়ে ওঠে এমবাপ্পে-মেসির নেতৃত্বাধীন প্যারিসের আক্রমণভাগ।
পরে যোগ করা সময়ের ২ মিনিটে এমবাপ্পের এসিস্টে পিএসজির একমাত্র গোলটি করেন বদলি হিসেবে নামা জর্জিনিও উইজনালডাম। এতে মান বাঁচলো দলটির।
গত সপ্তাহে সপ্তমবারের মতো ব্যালন ডি'অর জিতেছেন লিওনেল মেসি। এরপর থেকে এ নিয়ে দুটি ম্যাচ খেললেন তিনি। লিগ ওয়ানের এই ম্যাচ দুটিতেই জিততে ব্যর্থ পিএসজি।
অবশ্য না জিতলেও ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ফরাসি জয়ান্টরা। দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক মার্শেই'র ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট।