জাভির অধীনে বার্সার প্রথম হার, জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে আবারও সেরাদের কাতারে ফিরিয়ে আনার চেষ্টা করছেন ক্লাবটির নতুন কোচ জাভি হার্নান্দেজ। সেই লক্ষ্যে তার নেওয়া পদক্ষেপগুলোও চোখে পড়ার মতো। গত মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে তার অধীনে এখন পর্যন্ত অপরাজিত ছিল কাতালান ক্লাবটি। অবশেষে এই প্রথম পরাজয়ের মুখ দেখলো জাভির বার্সেলোনা।

শনিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাতে নিজেদের মাঠ ক্যাম্প ন্যু-তে রিয়াল বেতিসের বিপক্ষে খেলতে নামে বার্সা। এতে শেষ পর্যন্ত ১-০ গোলে হেরেছে তারা।

বেশ কয়েকবার আক্রমণ করেও গোল পেতে ব্যর্থ হন ফিলিপ কুতিনিও

ক্যাম্প ন্যু-তে প্রথমার্ধে অনেক ম্যাড়মেড়ে ফুটবল খেলেছে বার্সা। কেবল ম্যাচের ১১ মিনিটের মধ্যে ফিলিপ কুতিনিও প্রতিপক্ষের জালে দুটি শট নিতে পেরেছিলেন। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও গোল করতে ব্যর্থ হয়েছেন দেম্বেলে-মেম্ফিসরা। তারা বারবার প্রতিপক্ষ গোলবারের সামনে গিয়ে খেই হারাচ্ছিলেন।

উল্টো দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটে গোল খেয়ে বসে কাতালুনিয়ানরা। হুয়ানমির করা ওই গোলটিই শেষ পর্যন্ত বেতিসের জয় নিশ্চিত করেছে।

এদিকে, অপর ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই ম্যাচেও রিয়ালের জয়ের নায়ক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। অপর গোলটি করেছেন লুকা জোভিক।

রিয়ালের জয়যাত্রা চলছেই

শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে উভয় দলই গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধে আক্রমণ আরও জোরালো করে রিয়াদ মাদ্রিদ। ৪৭ মিনিটে লুকা জোভিকের এসিস্টে মাদ্রিদকে এগিয়ে নেন ভিনিসিয়াস জুনিয়র। এর ১০ মিনিট পরই আবারও উল্লাসে তারা। এবার স্কোরদাতার ভূমিকায় জোভিক এবং এসিস্ট করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসিমিরো।

এই জয়ের ফলে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষেই রইলো রিয়াল মাদ্রিদ। আর সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রিয়াল সোসিয়েদাদ। অন্যদিকে, এক ম্যাচ খেলে ২৩ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান সপ্তম স্থানে।