দেখো, আমার ভাষাটিকে দেখো

তমিজ উদ্দীন লোদী

 

ভাষা হারিয়ে যাবার ভয়ে তটস্থ থাকে অনেক ভাষাভাষি

যেহেতু আগ্রাসী ভাষাগুলোর দাপটে হারিয়ে যাচ্ছে ক্ষুদ্র ভাষাগুলি

 

আমি বলি দেখো, আমার ভাষাটিকে দেখো।

 

শাদা ধূসর ক্যানভাসে

গ্রানাইড পাথরের মতো কালো কালো অক্ষরের মুখ

যার প্রতিটি অঙ্গে লেগে আছে রক্তের দাগ।

 

আছে বর্ণমালা ,গর্ব করার মতো সাহিত্য

লোকজ পৃথিবীর ভাণ্ডারে রত্নখচিত

আছে সরহপা থেকে বৈষ্ণব পদাবলি

ময়মনসিংহ গীতিকা থেকে ২১শে ফেব্রুয়ারি

আছে শহীদের রক্তস্নান।

 

যতই আগ্রাসী ভাষাগুলোর দাপট থাক

আমার ভাষাটি কখনো হারিয়ে যাবে না।