ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত ৩ দিনের একটানা বৃষ্টিতে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ফসলের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। বিশেষ করে আলু চাষিদের মাথায় হাত পড়েছে। এ ছাড়াও ক্ষেতে কেটে রাখা পাকা ধান পানিতে তলিয়ে গেছে। ক্ষতি হয়েছে উঠতি ফসলসহ গমের। ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে উপজেলা কৃষি বিভাগ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ বছর জীবননগর উপজেলায় লক্ষ্যমাত্রার অধিক ১৬ হাজার ১৭৪ হেক্টর জমিতে আমন ধানের চাষ করা হয়েছে। যা থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৮ হাজার ১৯৮ মেট্রিক টন; কিন্তু টানা বৃষ্টির কারণে কৃষকের সেই স্বপ্ন ধূলিসাৎ হতে চলেছে। ক্ষেতে কেটে রাখা পাকা ধান তলিয়ে গেছে। বৃষ্টির কারণে ক্ষেতেই এ ধান হতে কল বেরিয়ে নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এবার এ উপজেলায় ৩০ হেক্টর জমিতে আগাম জাতের গোল আলু চাষ করা হয়েছে। যা বয়স এক সপ্তাহের ভেতর। অতি বৃষ্টির কারণে ক্ষেতেই এ আলু বীজ বিনষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, বৃষ্টির কারণে ফসলের ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান তিনি।