'আজকের তরুণরাই আগামীতে দেশকে নেতৃত্ব দিবে'

জাতীয় কল্যাণ পার্টির সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক বলেছেন, আজকের তরুণরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিবে। তাই তরুণদেরকে পড়াশোনা ও সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদেরকে বিবেকবান মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও সাম্প্রতিক বাংলাদেশ বিষয়ক এক আলোচনা সভার  আয়োজন করে গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)। এই অনুষ্ঠানে আলোচক হিসেবে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, তরুণদের জেগে উঠতে হবে। এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা এনেছি। এই রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা যাবেনা। আমাদের উচিত দেশের জন্য কাজ করে যাওয়া।

সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় জাতীয় সমাজতান্ত্রিক নারী জোটের সভাপতি বেগম তানিয়া রব বলেন, বর্তমানে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন যৌক্তিক। শিক্ষার্থীদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে ভালো অবস্থান দিতে পারিনি। দিতে পারলে তারা হাফ পাসের জন্য বা অন্যান্য কারণে আন্দোলন না করে শান্ত ছেলের মতো দেশের উন্নয়নে কাজ করত।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আব্দুর রব, বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. রাহমান চৌধুরী ও সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের প্রধান শহিদুল ইসলাম মল্লিক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গবিসাসের সভাপতি মো. রোকনুজ্জামান মনি ও সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক অনিক আহমেদ। এর আগে গবিসাস কার্যালয়ের দেয়ালে পলাশী যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক সময় পর্যন্ত উল্লেখযোগ্য ঘটনার ফিচার সম্বলিত 'একখণ্ড বাংলাদেশ' উদ্বোধন করা হয়৷