গ্রামবাসীর দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে অসুস্থ হওয়া থানার ওসি হার্ট অ্যাটাকে মারা গেছেন। মঙ্গলবার বিকালে পাবনার ফরিদপুরে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওসি ওবায়দুর রহমান গত বছরের ২৮ অক্টোবর ফরিদপুর থানায় যোগদান করেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার মকছুদপুর উপজেলায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, সোমবার উপজেলার প্রত্যন্ত এলাকা বিলচান্দক গ্রামে বিবাদমান দুটি গ্রুপের বিরোধের জের ধরে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাট চলছিল। খবর পেয়ে ফরিদপুর থানার ওসি ওবায়দুর রহমান ফোর্স নিয়ে সেখানে যান। এ সময় ওসি ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়লে এলাকায় পুলিশ মোতায়েন করে বাসায় ফিরে আসেন। একই সঙ্গে দুটি গ্রুপের মধ্যে মীমাংসা বৈঠকের জন্য বুধবার দিন ঠিক করে আসেন। কিন্তু সেই বৈঠকের আগেই মঙ্গলবার বিকালে থানায় কর্তব্যরত অবস্থায় হার্ট অ্যাটাক করেন তিনি। দ্রুত তাকে ফরিদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: ক্ষেতে মন্ত্রীর হেলিকপ্টার নামতে না দেয়ায় কৃষককে বিষ খাইয়ে খুন
পুলিশের চাটমোহর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএএম ফজল ই খুদা জানান, সোমবার বিলচান্দক গ্রামে বিবদমান দুই গ্রুপের মারামারি ঠেকাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন ওসি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
ইত্তেফাক/জেডএইচ