রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স এলাকা থেকে মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে রাসেল শেখ (৩৫) নামে এক মোটর সাইকেল চোর চক্রের সদস্য জনতার হাতে আটক হওয়ার পর পুলিশে দেওয়া হয়েছে। গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসের এক কর্মকর্তার মোটর সাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা ইমরাজ (২৫) নামের অন্য এক আসামি পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার এসআই শামিম।
আটক রাসেল শেখ ফরিদপুর কোতোয়ালী থানার আলীপুর এলাকার পৌরসভা ৪নং ওয়ার্ডের সামছু শেখের ছেলে।
মোটর সাইকেলের মালিক উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মিলন মন্ডল বলেন, প্রতিদিনের ন্যায় আমি মোটর সাইকেলটি অফিসের সামনে রেখে অফিসিয়াল কাজ করছিলাম। দুপুর পৌনে ১টার দিকে ওই চোর মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় আমি টের পেয়ে পিছন পিছন ধাওয়া করি। চোর মোটর সাইকেলটি ফেলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।
এসআই শামিম জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে এসে মোটর সাইকেলসহ রাসেল নামে ওই চোরকে আটক করেছি। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য গত কয়েক মাসে গোয়ালন্দ উপজেলা থেকে দুই জন সাংবাদিকের মোটর সাইকেলসহ পরপর কয়েকটি মোটর সাইকেল চুরি হলেও কাউকে আটক করা সম্ভব হচ্ছিল না। এই প্রথম কোন মোটর সাইকেল চোর হাতে নাতে আটক হলো। স্থানীয়রা ওই চোরের মাধ্যমে পূর্বে চুরি যাওয়া সব চোরের তথ্য উদঘাটনের দাবি জানান।