দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় সিরাজগঞ্জের চৌহালী ও কামারখন্দ উপজেলায় ৯ আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কার করা হয় ।
বহিষ্কৃতরা হলেন-চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঘোড়জান ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান রমজান আলী, সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক ও বাঘুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল কাহহার সিদ্দিকী, সাবেক স্বাস্থ্য ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ফকির শরীফ উদ্দিন, উমারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবদুল মতিন মন্ডল এবং কার্যকরী সদস্য জোবেদ আলী সরদার।
কামারখন্দ উপজেলার বহিষ্কৃতরা হলেন-সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক ভদ্রঘাট ইউনিয়নের এনামুল হক রঞ্জু, রায়দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোকতেল হোসেন মোল্লা, রায়দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মঞ্জু, জামতৈল ইউনিয়ন আওয়ামী লীগের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আল মামুন জুয়েল। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের সকল পদ ও প্রাথমিক সদস্য থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারের অনুলিপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাংগঠনিক সম্পাদক এস. এম কামাল হোসেনের কাছে পাঠানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।