বুরুন্ডির কারাগারে আগুন, ৩৮ বন্দির মৃত্যু

পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির এক কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৮ জন বন্দি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, ভোর ৪টায় এ আগুন লাগে। এ সময় ওই জেলখানার ৩৮ বন্দী নিহত হয় এবং আরো অন্তত ৬৯ জন আহত হয়। এ অগ্নিকাণ্ডের সময় ওই জেলখানার কয়েদিরা ঘুমন্ত অবস্থায় ছিল। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, পুরোনো এ কারাগারে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পুলিশ সূত্র জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে জরুরি পরিষেবা পৌঁছাতে সক্ষম হয়নি। ফায়ার সার্ভিসের প্রথম গাড়িটি আসে আগুন লাগার দুই ঘণ্টা পরে। সে কারণেই হতাহতের সংখ্যা বেড়েছে।

এক বন্দী জানিয়েছে, আগুনে অসংখ্য কারাবন্দী পুড়ে মারা গেছেন। এক প্রত্যক্ষদর্শী জানান, গুরুতর আহতদের সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে করে হাসপাতালে নেয়া হয়েছে। ৪শ জন ধারণক্ষমতার এই কারাগারে প্রায় ১৫শ বন্দি ছিলেন।