নিহত হওয়ার আগে যেখানে যাচ্ছিলেন ভারতের প্রতিরক্ষা প্রধান

ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াত নিহত হয়েছেন এক হেলিকপ্টার দুর্ঘটনায়। ভারতীয় এয়ারফোর্স এক টুইট বার্তায় জানিয়েছে, তিনি নীলগিরি হিলসের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজে যাচ্ছিলেন। সেখানে ফ্যাকাল্টি এবং স্টুডেন্ট অফিসারদের উদ্দেশ্য তার ভাষণ দেওয়ার কথা ছিল।

বুধবার (৮ ডিসেম্বর) এসব জানা গেছে। এদিকে জেনারেল রাওয়াত একজন অসামান্য যোদ্ধা ছিলেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একথা জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

মোদি বলেছেন, তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক। তিনি আমাদের সশস্ত্র বাহিনী এবং নিরাপত্তার আধুনিকায়নে ব্যাপক অবদান রেখেছিলেন। কৌশলগত বিষয়ে তার অন্তর্দৃষ্টি এবং দৃষ্টিভঙ্গি ছিল ব্যতিক্রমী। তার মৃত্যু আমাকে গভীরভাবে শোকাহত করেছে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এই সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে এমআই-১৭ হেলিকপ্টারটি। ওই হেলিকপ্টারেই ছিলেন বিপিন। তার স্ত্রীও তার সঙ্গেই ছিলেন বলে জানা গিয়েছে।