হেলিকপ্টার দুর্ঘটনার পর জেনারেল বিপিন রাওয়াতকে আহত অবস্থায় দেখেছেন বলে দাবি করেছেন শিব কুমার নামের এক প্রত্যক্ষদর্শী। তার দাবি, জেনারেল আহত অবস্থায় পানি খেতে চেয়েছিলেন। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, শিব কুমার জানিয়েছেন, তিনি বিমান বাহিনীর হেলিকপ্টারতে আগুন লাগতে এবং ভূপাতিত হতে দেখেছেন। তখন তিনি এবং অন্যরা ঘটনাস্থলে ছুটে যান।
প্রত্যক্ষদর্শী বলেন, আমরা তিনটি দেহ পড়ে থাকতে দেখেছি... একজন জীবিত ছিলেন। তিনি পানি চাইলেন। আমরা তাকে বিছানার চাদরে টেনে বের করে আনলাম। পরে তাকে উদ্ধারকারীরা নিয়ে গেছে।
শিব তখনও জানতেন না, এই পানি চাওয়া ব্যক্তিই জেনারেল বিপিন। পরে উদ্ধারকারীদের একজন তাকে ছবি দেখিয়ে জেনারেলের পরিচয় জানায়। শিব বলেন, আমি বিশ্বাস করতে পারছিলাম না যে এই লোকটি দেশের জন্য এত কিছু করেছে... এমনকি পানিও পাননি। আমি সারারাত ঘুমাতে পারিনি।