এবার একইসঙ্গে চারটি দেশকে রীতিমতো হুমকি দিলো চীন। আগামী বছর বেইজিংয়ে অনুষ্ঠিতব্য শীতকালীন অলিম্পিকে সরকারি প্রতিনিধি না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডা। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন।
সামনের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে এই অলিম্পিক। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, চীন জানিয়েছে, এই চার দেশ তাদের ভুল কাজের জন্য মূল্য চুকাবে।
যুক্তরাষ্ট্রই প্রথম দেশ যারা কূটনৈতিক বয়কট ঘোষণা করে। পরে অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাজ্যও একই পথে হাঁটে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অস্ট্রেলিয়া রাজনৈতিক কারসাজির জন্য অলিম্পিক প্ল্যাটফর্ম ব্যবহার করেছে।