শান্তিপূর্ণ মীমাংসার সম্ভাবনা শেষ, ইউক্রেনকে জানালো রাশিয়া

ইউক্রেন তাদের ডনবাস প্রদেশের দিকে ভারী গোলন্দাজ বাহিনী মোতায়েন করছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া। এই অঞ্চলেই রুশ পন্থীদের সঙ্গে সংঘর্ষ চলছে ইউক্রেনিয়ান বাহিনীর। এই এলাকা রাশিয়া সীমান্তের পাশেই অবস্থিত। 

রাশিয়া বলছে, ইউক্রেন শান্তি প্রক্রিয়ায় অংশ নিতে ব্যর্থ। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ মীমাংসার সম্ভাবনা কার্যত শেষ।

ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাশিয়ান সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, ইউক্রেনে হেলিকপ্টার, মনুষ্যবিহীন বিমান এবং বিমান সরবরাহ করা হচ্ছে। এগুলো দেশটির সরকারকে বিপজ্জনক পদক্ষেপের দিকে ঠেলে দিচ্ছে।