হেলিকপ্টারে রাঙামাটির দুর্গম এলাকায় পৌঁছালো টিকা

রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিমানবাহিনীর সহায়তায় করোনার টিকা প্রদান করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় কোভিড-১৯ টিকা কার্যক্রমের অংশ হিসেবে দুর্গম এ এলাকার জনগণকে টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন সকালে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র হেলিপ্যাড থেকে টিকা নিয়ে রওনা হয় বিমানবাহিনীর একটি হেলিকপ্টার। সেটি জুরাছড়ির দুর্গম দুমদুম্যা ইউনিয়নের বগাখালী এলাকায় টিকার পৌঁছে দিলে প্রায় ৪০০ জনকে টিকার দ্বিতীয় ডোজ প্রদান করে সেনাবাহিনী। এর আগে ৭ অক্টোবর একইভাবে ওই এলাকায় গিয়ে করোনার প্রথম ডোজ গণটিকা প্রদান করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর প্যারামেডিক,উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার, থানা স্বাস্থ্য অফিসার ও কর্মীগণ এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।