বিপিন রাওয়াতের শেষকৃত্য আজ

ভারতের দিল্লির সেনানিবাসে আজ শুক্রবার বিকালে প্রয়াত শীর্ষ জেনারেল বিপিন রাওয়াত এবং তার স্ত্রী মধুলিকার শেষকৃত্য হবে। বৃহস্পতিবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তামিলনাড়ুর সুলুর বিমানঘাঁটি থেকে ভারতীয় বিমানবাহিনীর বিশেষ বিমানে জেনারেল রাওয়াত এবং তার স্ত্রী মধুলিকাসহ দুর্ঘটনায় নিহতদের মরদেহ দিল্লিতে আনা হয়। রাতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

এরপর দুই জনের দেহ রাখা থাকবে রাওয়াতের বাড়িতে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত প্রয়াত প্রতিরক্ষা প্রধানের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এরপর কামরাজ মার্গ থেকে শুরু হবে শেষযাত্রা। দিল্লি সেনাছাউনির ব্রার স্কোয়ার অন্ত্যেষ্টিস্থলে পূর্ণ সামরিক মর্যাদায় হবে শেষকৃত্য। অন্যান্য সামরিক কর্মীদের শেষকৃত্যও যথাযথ সামরিক সম্মানের সঙ্গে সম্পন্ন করা হবে।

এদিকে হেলিকপ্টার দুর্ঘটনায় জীবিত উদ্ধার বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের ভালো চিকিত্সার জন্য ওয়েলিংটনের সামরিক হাসপাতাল থেকে ব্যাঙ্গালুরুর কমান্ড হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, তার শরীরের ৪৫ শতাংশ পুড়ে গেছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পার্লামেন্টে জানিয়েছেন, বরুণ সিং বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন এবং তাকে বাঁচাতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। তার অবস্থা গুরুতর তবে স্থিতিশীল। 

গত আগস্টে সাহসিকতার জন্য শৌর্য চক্র সম্মাননা পেয়েছিলেন বরুণ। উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা বরুণের বাবা কে পি সিংহ ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল। তার চাচা অখিলেশ প্রতাপ সিং রাজ্যের প্রথম সারির কংগ্রেস নেতা এবং গান্ধী পরিবারের ঘনিষ্ঠ।

হেলিকপ্টারের ব্ল্যাকবক্স উদ্ধার

ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল বিপিন রাওয়াতকে বহনকারী হেলিকপ্টারটির ব্ল্যাক বক্স উদ্ধার হয়েছে। এই ঘটনা তদন্তে তিন বাহিনীর সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, কমিটির প্রধান করা হয়েছে এয়ার মার্শাল মানবেন্দ্র সিংকে। তদন্ত দল বুধবারই ওয়েলিংটনে পৌঁছে তদন্ত শুরু করেছে। 

ঘন কুয়াশায় মিলিয়ে যেতে দেখা যায় হেলিকপ্টারটি

প্রকাশ্যে এসেছে জেনারেল রাওয়াতের হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ার ঠিক আগের মুহূর্তের ভিডিও। তাতে দেখা যাচ্ছে, ঘন কুয়াশায় মিলিয়ে যাচ্ছে রাশিয়ার তৈরি এমআই-১৭-ভি-৫ হেলিকপ্টারটি।  

এদিকে দুর্ঘটনার এক প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, তিনি ধ্বংসস্তূপে জেনারেল বিপিন রাওয়াতকে জীবিত দেখেছিলেন। শিব কুমার নামের এই প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে বলেন, আমরা তিনটি দেহ পড়তে দেখলাম... একজন বেঁচে ছিলেন। তিনি পানি চেয়েছিলেন। আমরা তাকে বের করে একটা কাপড়ে রাখি আর তারপরই উদ্ধারকারীরা তাকে নিয়ে যায়। শিব কুমার বলেন, তিন ঘণ্টা পর এক ব্যক্তি তাকে জেনারেল বিপিন রাওয়াতের একটি ছবি দেখালে তিনি বুঝতে পারেন এই ব্যক্তির সঙ্গেই তিনি কথা বলেছিলেন। পরে হাসপাতালে নেওয়ার পথে জেনারেল রাওয়াতের মৃত্যু হয়। 

কে হচ্ছেন রাওয়াতের উত্তরসূরি?

বিপিন রাওয়াতের মৃত্যুর পর তার উত্তরসূরি মনোনয়নে তত্পর হয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, মূলত দুই জনের নাম উঠে এসেছে আলোচনায়। প্রথম জন, সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবণে। দ্বিতীয় জন বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অবসরপ্রাপ্ত) আর কে এস ভদৌরিয়া। পদমর্যাদা এবং সিনিয়রিটির বিচারে প্রতিরক্ষা প্রধান হওয়ার দৌড়ে রয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল রাধাকৃষ্ণণ হরিকুমারও। আগামী সপ্তাহেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে।