বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যে যৌথ প্রশিক্ষণ ও মহড়া কো-অপারেশন এফ্লোট রেডিনেস অ্যান্ড ট্রেনিং (কারাত)-২০২১ সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামস্থ বানৌজা ঈসাখানে স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিকস (এসএমডব্লিউটি)-এর মিলনায়তনে মহড়ার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন সহকারী নৌপ্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। অন্যদের মধ্যে মহড়ায় অংশগ্রহণকারী বাংলাদেশ নৌবাহিনী জাহাজের অধিনায়কগণ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
যৌথ এ প্রশিক্ষণ ও মহড়া বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর মধ্যকার সর্ববৃহত্ যৌথ মহড়া। উক্ত মহড়ায় উভয় দেশের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন বিষয়ে সাবজেক্ট মেটার এক্সপার্ট এক্সচেঞ্জ সহ (এসএমইই) প্রত্যক্ষভাবে সমুদ্র মহড়ায় অংশগ্রহণ করে। যৌথ এ প্রশিক্ষণ ও মহড়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সুসম্পর্কের আরো উন্নতি হবে এবং মেরিটাইম সিকিউরিটির বিষয়ে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধি পাবে।