কন্যা সন্তানের বাবা হলেন বরিস

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। তার একটি কন্যা সন্তান হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী বরিস এবং ক্যারি জনসন তাদের কন্যা সন্তানের জন্মদানের তথ্য জানান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রধানমন্ত্রী বরিস দম্পতির মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে ক্যারি জনসন কন্যা সন্তানের জন্ম দেন। সন্তান জন্মের সময় বরিস জনসন হাসপাতালে ছিলেন বলে তিনি জানান। মা এবং কন্যা দুইজনই ভাল আছেন। প্রধানমন্ত্রী বরিস ও তার স্ত্রী দেখভালের জন্য এনএইচএস এর টিমকে ধন্যবাদ জানিয়েছেন।

চলতি বছরের মে মাসে এই দম্পতি বিয়ে করেন। এর আগে ২০২০ সালের এপ্রিলে তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়েছিল। তার নাম উইলফ্রেড। বিরোধী দল লেবার পার্টির নেতা স্যার কেইর স্টারমার প্রধানমন্ত্রী দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। তাদের সুস্হ ও সুখী জীবন কামনা করে বার্তা পাঠিয়েছেন।

গত জুলাইয়ে অন্ত:স্বত্ত্বা হওয়ার ঘোষণা দিয়েছিলেন ক্যারি জনসন। যদিও কয়েক মাস আগে তার গর্ভপাত হয়েছিল বলেও জানিয়েছিলেন।