ইন্দোনেশিয়ায় শোক সামলে তাঁবুর মসজিদে জুমা পড়লেন তারা

ইন্দোনেশিয়ায় সম্প্রতি বিস্ফোরিত হয়েছে মাউন্ট সেমেরু আগ্নেয়গিরি। এতে মারা গেছেন অন্তত ৪৫ জন, বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন হাজারও মানুষ। ঘর ছেড়ে তারা ইভ্যাকুয়েশন সেন্টারে অবস্থান করছেন। সেখানেই শোক ভারাক্রান্ত হৃদয়ে তাঁবু দিয়ে তৈরি মসজিদে শুক্রবার (১০ ডিসেম্বর) জুমার নামাজ আদায় করেছেন তারা।

শোক ভারাক্রান্ত হৃদয়ে জুমা আদায় করেছেন তারা।

এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, পেনাঙ্গাল ইভ্যাকুয়েশন সেন্টারে জড়ো হওয়া হাজারও বাস্তুচ্যুত মানুষের একজন আবদুল গফুর। তিনি বলেন, আমি সাধারণত আমার গ্রামের মসজিদে নামাজ পড়তাম। আমি বিশ্বাস করতে পারছি না এটা আমার সঙ্গে কি হয়েছে।

গফুরের কুরাহ কোবোকান নামের গ্রামটি অগ্ল্যুৎপাতের সময় কালো ছাইয়ের মেঘে ঢেকে যায়। এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন এই আগ্নেয়গিরি চারপাশে বাস করা কয়েক হাজার মানুষ। এরা বাধ্য হয়েই ইভ্যাকুয়েশন সেন্টারগুলোতে আশ্রয় নিয়েছেন।