‘ভালো কাজগুলোর আরো প্রচার দরকার’ 

‘আমাদের চলচ্চিত্রের ভালো কাজগুলো নিয়ে বেশি করে আলোচনা দরকার।’— বললেন চিত্রনায়ক-প্রযোজক অনন্ত জলিল। গত কয়েক মাসের এই বিনোদন দুনিয়ায় খোরাক জোগাচ্ছে নানা বিব্রতকর খবর।

অনন্ত জলিল বলেন, ‘গুটিকতক নেতিবাচক খবর আমরা প্রচার করছি। শেয়ার দিচ্ছি। অথচ ভালো ভালো কাজগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। ভালো কাজগুলোর বেশি প্রচার দরকার। এতে উঠতি তরুণ-তরুণীরা বিভ্রান্ত হবেন। আমার নিজের কাছে এখন সোস্যাল মিডিয়া খুবই বিরক্তিকর লাগে। মানসিক ট্রমায় ভুগি। কারণ প্রতিদিন খবরের কাগজের মতো করেই মানুষ এখন ফেসবুকে বিভিন্ন খবর স্ক্রল করে। কিন্তু গত কয়েকমাসের খবরে কোনো পজিটিভ নিউজ নিয়ে শোবিজ ইন্ডাস্ট্রির আলোচনা নেই। যা খুবই মর্মাহত করে। তাই আমাদের আরো সচেতন হওয়া উচিত। ভালো খবরগুলোর আলোচনা বাড়িয়ে দেওয়া উচিত।’ 

উল্লেখ্য, নতুন বছরে অনন্ত-বর্ষা জুটির দুটি নতুন ছবি মুক্তি পেতে যাচ্ছে। এরই ভেতরে সকল প্রস্ত্ততি সম্পন্ন হয়েছে। অনন্তর কথায় ‘দিন:দ্য ডে’ ছবিটি সব মিলিয়ে ২০টি ফেস্টিভ্যালে প্রদর্শিত হবে। এর বাইরে ছবিটি বেশ কয়েকটি দেশের রাষ্ট্রীয় অতিথিদের সঙ্গে বিশেষ প্রদর্শন হবে বলে জানা যায়। 

ছবিটি নিয়ে অনন্ত জলিল বলেন, ‘ছবিটির থিম মূলক বৈশ্বিক সংকট নিয়ে। তাই পৃথিবীর যেকোনো দেশেই এর গুরুত্বটা অনেক।’ অন্যদিকে চিত্রনায়িকা বর্ষা প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে কাজ করছেন। 

নিজেদের ছবি ও সম্পর্ক নিয়ে বর্ষা বলেন, ‘মানসিক সুখ ও শান্তি অনেক জরুরি। আপনাদের দোয়ায় আমরা নিজেদের সুখ-স্বচ্ছন্দে সংসার ও কাজ দুটোই করছি। আলহামদুলিল্লাহ।’